ঈশ্বরদীতে ইয়াং বাংলা'র উপজেলা এক্টিভেশন অনুষ্ঠিত


ঈশ্বরদী প্রতিনিধিঃ
‘তোমার জয়ে বাংলার জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখেসারাদেশের মতো ঈশ্বরদী সরকারি কলেজ শামসুর রহমান শরিফ অডিটোরিয়ামে আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইয়াং বাংলা’র উপজেলা এক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জেলার সমন্বয়ক  রাহাত হোসেন পল্লবের সভাপতিত্বে  অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।

এসময় তরুণদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও পরামর্শ শুনে আনোয়ারুল ইসলাম বলেননীতি নির্ধারণ পর্যায়ে তরুণদের যথেষ্ট অংশগ্রহণ না হলে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের চিন্তা চেতনার প্রতিফলন হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন জাতীয় পরিকল্পনা কোনভাবেই তরুণদের জন্য উপযোগী হবে না।

বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. জাকিরুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পাবনা জেলা শাখার সদস্য সচিব জহুরুল ইসলাম প্রিন্স ও ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি প্রমুখ।

ইয়াং বাংলা, সি আর আই এর জেলা সমন্বয়ক রাহাত হোসেন পল্লব আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি জানান, এবারের আয়োজনে পাবনার ৪ টি উপজেলায় অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু হবে। ১৮ থেকে ৩২ বছর বয়সের যে কোন তরুণ, কিংবা সংগঠন এতে সম্পৃক্ত হয়ে সংশ্লিষ্ট বিভাগে সাফল্যের গল্প তুলে ধরে আবেদন করতে পারবেন। অ্যাক্টিভেশন কার্যক্রমে অনলাইনে আবেদনের নিয়মাবলীও জানানো হবে। আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে এ আবেদন করা যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইয়াং বাংলা টিম পাবনার ৪টি উপজেলা ঈশ্বরদী, পাবনা সদর, বেড়া ও সাঁথিয়া থেকে আবেদন গ্রহণ শেষে, জেলা শহরে জেলা মিট অনুষ্ঠানের আয়োজন করবে। সেইসাথে পাবনা তথা দেশের উন্নয়নে যে সকল সামাজিক সংগঠনগুলো নিবেদিতভাবে কাজ করছে তাদের নিয়ে নেটওয়ার্কিং করা হবে। 

রাহাত হোসেন পল্লব জানান, এ বছর শুধুমাত্র সামাজিক প্রতিষ্ঠান বা সংগঠনগুলোকে পুরস্কৃত করা হবে। এবার ১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে জেন্ডার, দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমুলক শিক্ষা, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, সাংস্কৃতিক আন্দোলন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, জনসচেতনতামূলক উদ্যোগ, স্পোর্টস এবং ফিটনেস, উদ্ভাবন ও উদ্যোক্তা, অন্যান্য সামাজিক উন্নয়ন। 

তিনি জানান, সম্প্রতি নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য বা পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়া তরুণরা তাদের জনসচেতনতা কার্যক্রমকে আরও বড় পরিসরে উপস্থাপন করতে পারে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে আবেদনের মাধ্যমে। পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলোও আবেদন করতে পারবে। অ্যাওয়ার্ড সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করতে হবে।