বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে- পাবনায় ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘দলের মধ্যে কোন্দল করবেন না, বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। আগামী দু’একদিনের মধ্যে বিশৃঙ্খলাকারীদের শোকজ লেটার পাঠানো হবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নাশকতা ও আগুন সন্ত্রাসের পরিকল্পনা করছে। তারা সব সময় দেশকে অস্থিরতার মধ্যে রাখতে চায়। জনসমর্থন হারিয়ে তারা এখন দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার আওয়ামী লীগের নির্বাচনী ট্রেনে উত্তরাঞ্চলীয় সফরকালে পাবনার মুলাডুলি রেলস্টেশনে এক পথসভায় এসব কথা বলেন। 

বিএনপির নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না করতে কঠোরভাবে সতর্ক করে দেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিষয়ে আরো বলেন, যারা জনগণের সাথে দুর্ব্যবহার করেন, তারা মনোনয়ন পাবেন না। ব্যানার-ফেস্টুন বিলবোর্ডে মনোনয়ন হবে না। জনসমর্থন দেখেই মনোনয়ন দেওয়া হবে বলে নৌকার শ্লোগান দেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। বিগত নির্বাচনের মতো যদি আগামী নির্বাচনেও বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।

সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি-জামাত নাশকতা করে, তাহলে তা আপনারা প্রতিহত করবেন? সমবেত জনতা তখন হাত তুলে সমস্বরে বলে- ‘আমরা প্রতিহত করবো’।

এরপর কাদের বলেন, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারও ক্ষামতায় আনতে হবে। এজন্য আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

এর আগে প্রথম পথসভা হয় টাঙ্গাইল রেলস্টেশনে। সকাল ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দলটির নেতারা ট্রেনযোগে উত্তরাঞ্চল অভিমুখে রওনা হয়ে দুপুর ১টায় পাবনার মুলাডুলি স্টেশনে পৌঁছান । এই রেলযাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নামলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ যাত্রা শেষ হবে নীলফামারী গিয়ে।

টাঙ্গাইলের পথসভায় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তা রক্ষা করেন৷ এ সময় তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলন তা কি পূরণ হয়েছে?

তখন সবাই হাত তুলে সমস্বরে বলেন, হয়েছে। ওবায়দুল কাদের নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোন্দল করবেন না, বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। আগামী দু-একদিনের মধ্যে বিশৃঙ্খলাকারীদের শোকজ লেটার পাঠানো হবে। 

আওয়ামী লীগের এ সফর উপলক্ষে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করা হয়েছে।

নির্বাচনী এ সফরে আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।