পাবনার ঈশ্বরদীতে ভাইয়ের হাতে ভাই খুন




ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজের বউয়ের সঙ্গে ঝগড়ার জের ধরে ছোট ভাই খোকন মণ্ডলকে (২৪) পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই লিখন মণ্ডল (২৮)।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন ওই গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।

স্থানীয়দের বরাদ দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, কয়েকদিন আগে লিখন মণ্ডলের স্ত্রী শারমিন খাতুনের সাথে খোকনের ঝগড়া হয়। 

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার সময় তার স্বামী লিখন মণ্ডলকে বলে যায়, ঘটনার সুরাহা না হলে সে আর ফিরবে না। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়। 

আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে খোকন মণ্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যায়। সেই সুযোগে লিখন মণ্ডল ঘরে ঢুকে তার ঘুমন্ত ছোট ভাই খোকন মণ্ডলকে হাতুরি-বাটাল দিয়ে মাথায় এলোপাথারি আঘাত করে। 

খোকনের চিৎকার শুনে স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মণ্ডল পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।