নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের শাহপুর গ্রামের এক বিএডিসির কর্মচারীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এই ডাকাতির ঘটনায় ডাকাতদল ফিরোজ হোসেন(৩২) নামের এক যুবক কে কুপিয়ে জখম করেছে। ফিরোজ হোসেন শাহপুর গ্রামের বিএডিসির কর্মচারী রমজান আলীর পুত্র।
বাড়ির মালিক রমজান আলী জানান, আমরা ঘুমিয়ে ছিলাম হটাৎ দেখি ১০/১২জন মুখোশধারী লোক বাড়ীর প্রধান দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ও ১২/১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ছেলে ফিরোজ ডাকাতদের বাধা দিলে তাকে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় ডাকাতদল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (প্রশাসন) গৌতম কুমার , অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (সদর সার্কেল) সহ ঘটনা স্থল পরিদর্শন করেছি।
এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য টেবুনিয়া অঞ্চল ও এর আশেপাশের এলাকায় টহলপুলিশ মোতায়েন থাকার পরও প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী জানমালের নিরাপত্তা নিয়ে গভীর শংকায় রয়েছেন।
