নির্বাচনী ট্রেনে আওয়ামীলীগ, শনিবার পাবনা আসছেন কেন্দ্রীয় নেতারা


নিজস্ব প্রতিনিধিঃ
আগামী সপ্তাহ থেকে নির্বাচন পর্যন্ত টানা সাংগঠনিক সফর শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ছাড়াও দলটির শরিক দল ১৪ দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিচ্ছেন এ সফরে। 

এ সফরে পাবনা, জয়পুরহাট, রংপুর ও নীলফামারীতে জনসভা করা হবে। 

মূলত সরকারের উন্নয়ন প্রচার, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার বার্তা থাকবে এই সফরে। 

নির্বাচনী তফসীল ঘোষনার আগেই নির্বাচনী কাজ সেরে ফেলতে চায় আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় নির্বাচনী তফশীল ঘোষনার আগেই কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও ১২ লাখ পোলিং এজেন্ট কে প্রশিক্ষন দেয়া হবে।

দলীয় একটি সূত্র জানায়, আগামী অক্টবরের আগেই নির্বাচনী প্রস্তুতি সেরে নিতে তোড়জোড় চলছে। তৃনমূল নেতাকর্মীদের উজ্জিবিত ও ঐক্যবদ্ধ করতে এবং সরকারের উন্নয়ন প্রচার করা হবে। এছাড়া এই সফরের মধ্যদিয়ে দলীয় প্রার্থী যাকে করা হবে তার পক্ষেই কাজ করতে হবে অন্যথায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের বার্তা দেয়া হবে।

আগামী শনিবার (৮সেপ্টেম্বর) রাজধানীর এয়ারপোর্ট ষ্টেশন থেকে নেতারা রওনা দিয়ে পাবনার ঈশ্বরদী ষ্টেশনে পথসভায় মিলিত হবেন। এদিন সকালে ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে চড়ে প্রথমে পাবনার ঈশ্বরদীতে পথসভা অনুষ্ঠিত হবে। পরে নাটোর, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, সৈয়দপুর ও নীলফামারীতে পথসভা অনুষ্ঠিত হবে।  আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি পাবনাটাইমস কে জানান, আমরা ইতিমধ্যে এই সফর সম্পর্কে অবগত হয়েছি এবং শনিবার কেন্দ্র ঘোষিত পথসভা কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মী ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।