পাবনায় আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সীর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, পাবিপ্রবি'র সাবেক প্রক্টর আওয়াল কবির জয় গ্রুপের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ চলে আসছিলো।
উক্ত দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উভয় পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ সহ চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা হলেন-দেলোয়ার হোসেন (৩৫), আব্দুস সোবহান (৩৫), সিদ্দিকুর রহমান (৪০) ও বাদশা (৫০)। বাকীরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, কুদ্দুস মুন্সী এবং আওয়াল কবির জয় স্থানীয়ভাবে আওয়ামীলীগের দু’টি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে।
এদিকে, সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময়ে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
