বার্তাকক্ষঃ
রাজধানীতে হাজারীবাগের ঝিগাতলায় নির্মানাধীন ভবন থেকে পড়ে কালাম হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মিলন মোল্লা জানান, ঝিগাতলা ট্যানারি মোড়ে একটি নির্মানাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করে তারা।
সকালে ভবনের ৮ তলার পাশে মাচাংয়ে দাঁড়িয়ে কাজ করছিলো কালাম।
এসময় অসাবধানতাবশত ভবনের নিচে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানায়, পাবনার সাথিয়া উপজেলার চিনেলারি গ্রামে বাড়ি কালামের। ঝিগাতলার নির্মাণাধীন ওই ভবনে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
