পাবনায় শুরু হচ্ছে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৮ কার্যক্রম

পাবনা প্রতিনিধিঃ
তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি দিতে তৃতীয় বারের মত শুরু হচ্ছে জয় বাংলা ইউথ এওয়ার্ড। 

এই পুরষ্কারে পাবনার তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে শুরু হল আবেদন গ্রহণের কার্যক্রম। রবিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়, ইয়াং বাংলা পাবনা জেলা ইউনিট। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়াং বাংলা তরুণ প্রজন্মের সাফল্যের স্বীকৃতি দিতে ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড পুরস্কার প্রদান করে আসছে। 

এই ধারাবাহিকতায় আগামী ২১ ও ২২ অক্টোবর তৃতীয়বারের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’২০১৮ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামীমা আক্তার। 

সংবাদ সম্মেলনের শুরুতেই ইয়াং বাংলা, সি আর আই এর জেলা সমন্বয়ক রাহাত হোসেন পল্লব আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি জানান, এবারের আয়োজনে পাবনার ৪ টি উপজেলায় অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু হবে। 

১৮ থেকে ৩২ বছর বয়সের যে কোন তরুণ, কিংবা সংগঠন এতে সম্পৃক্ত হয়ে সংশ্লিষ্ট বিভাগে সাফল্যের গল্প তুলে ধরে আবেদন করতে পারবেন। অ্যাক্টিভেশন কার্যক্রমে অনলাইনে আবেদনের নিয়মাবলীও জানানো হবে। 

আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে এ আবেদন করা যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইয়াং বাংলা টিম পাবনার ৪টি উপজেলা ঈশ^রদী,পাবনা সদর, বেড়া ও সাঁথিয়া থেকে আবেদন গ্রহণ শেষে, জেলা শহরে জেলা মিট অনুষ্ঠানের আয়োজন করবে। 

সেইসাথে পাবনা তথা দেশের উন্নয়নে যে সকল সামাজিক সংগঠনগুলো নিবেদিতভাবে কার করছে তাদের নিয়ে নেটওয়ার্কিং করা হবে। 

রাহাত হোসেন পল্লব জানান, এ বছর শুধুমাত্র সামাজিক প্রতিষ্ঠান বা সংগঠনগুলোকে পুরস্কৃত করা হবে। এবার ১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পৃরস্কার প্রদান করা হবে। 

এর মধ্যে রয়েছে জেন্ডার, দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমুলক শিক্ষা, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, সাংস্কৃতিক আন্দোলন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, জনসচেতনতামুলক উদ্যোগ, স্পোর্টস এবং ফিটনেস, উদ্ভাবন ও উদ্যোক্তা, অন্যান্য সামাজিক উন্নয়ন। 

তিনি জানান, সম্প্রতি নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য বা পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়া তরুণরা তাদের জনসচেতনতা কার্যক্রমকে আরো বড় পরিসরে উপস্থাপন করতে পারে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে আবেদনের মাধ্যমে। 

পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলোও আবেদন করতে পারবে।