পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধান মেলেনি।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সারা দিন উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে শনিবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক অনুদান।
পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক এ কে এম সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির পর রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করে।
নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ডুবুরি দল ঠিকমতো কাজ করতে পারছিল না। শুক্রবার দিনভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে, তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব নি। ফলে, শনিবার সকালে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে, নৌকাডুবির পরপরই পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসকের পক্ষে নিখোঁজ পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে একটি মৃত্যুবাষির্কীর অনুষ্ঠানে যোগদানের জন্য ১১ জন যাত্রী সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী থেকে নৌকায় করে অপরপাড়ে ভাদুরডাঙ্গি ঘাটে যাওয়ার জন্য পদ্মা নদী পার হচ্ছিলেন।
যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়।
এ সময় ৮ জন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ তিনজন নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন-সদর উপজেলার দীঘি গোহাইলবাড়ী গ্রামের ইমান সরদারের ছেলে আবুল হাসেম (৩০), ডিটুল সরদারের ছেলে বিপ্লব (৭) ও কাশেম সরদারের ছেলে নাইম (৬)।
