![]() |
| ফাইল ছবি |
চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরের চলনবিলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল।
শনিবার বেলা ১১টা এবং শুক্রবার দিবাগত রাত (১ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে মরদেহগুলি উদ্ধার করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সকালে উদ্ধার হওয়া মরদেহটি ঈশ্বরদীর কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভীন পারুলের (৪৫),। এর আগে গত রাত সোয়া এক টায় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি’র স্ত্রী মমতাজ পারভীন শিউলীর (৪৫) মরদেহ উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা।
এই নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার হল। এখনো এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন ,ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি (৫২), ঈশ্বরদী আমবাগান এলাকার সাইদুর রহমান বিশ্বাসের ছেলে ও ঈশ্বরদী খন্দকার মার্কেটের ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস (৪৪) এবং তার মেয়ে সাদিয়া খাতুন (১০)।
এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ১১টা ৫০ মিনিটে পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে।
এ দিকে রাত ১২টা ৫ মিনিট দুর্ঘটনা কবলিত নৌকাটির সন্ধান পায় ডুবুরি দল।
শুক্রবার (৩১অাগষ্ট) চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
