নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধারের মধ্যদিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি


চাটমোহর প্রতিনিধি।।
পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় চালানো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিখোঁজ থাকা বাকি দুইজনের মরদেহ রবিবার সকালে উদ্ধারের পর অভিযান শেষ হয়।

আজ রবিবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক কে এম সাইফুল ইসলাম।

তিনি জানান,  নৌকাডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবিতে ৫ জন নিখোঁজ ছিলেন। 

ফায়ার সার্ভিস এবং রাজশাহী থেকে আসা ডুবুরী দল শুক্রবার (৩১ আগস্ট) রাত থেকে রবিবার (০২ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত  তল্লাসী চালিয়ে ৫ জনেরই মরদেহ উদ্ধা করে।

পরে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এজন্য আর কোনো মরদেহ থাকার কোনো সম্ভাবনা নেই, বিধায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

সাইফুল ইসলাম আরো বলেন, উদ্ধার অভিযানে পাবনা ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী, রাজশাহী থেকে আসা ডুবুরী দলিএবং স্থানীয় এলাকাবাসী যে নিরলস পরিশ্রম করে উদ্ধারকাজ চালিয়েছেন, আমরা সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৩০ ঘন্টার মধ্যে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।