পার্থ হাসান, পাবনাঃ
বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ( ৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার আরমানিটোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে র্যাব ১২ পাবনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মিলন পাবনা পৌরসভার গোপালপুরের মৃত আব্দুর রহিমের ছেলে। এর আগে এই মামলার আরেক আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। মামলার আরেক আসামী নদীর সাবেক স্বামী রাজীবকে গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানায় র্যাব।
র্যাব জানায়, শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্ণা নদীর প্রাক্তন শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যালের (ইউনানী) ব্যবস্থাপক।
গত ২৮ আগস্ট রাতে পাবনা পৌরসভার রাধানগর মহল্লায় ভাড়া বাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত নদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২৯ আগস্ট পাবনা সদর থানায় মামলা করেন নদীর মা মর্জিনা বেগম। এতে ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ও শিমলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, তার ছেলে ও নদীর সাবেক স্বামী রাজীব হোসেন এবং তাদের অফিস সহকারী শামসুজ্জামান মিলনের নাম উল্লেখসহ অজ্ঞাত আট-নয়জনকে আসামি করা হয়।
