সাঁথিয়ায় কিস্তির টাকা চাওয়ায় গৃহবধুর শরীরে গরম পানি ঢেলে ঝলছে দিয়েছে পাষন্ড স্বামী


এস,এম জহুরুল হক।।
পাবনার সাঁথিয়ায় পাষন্ড স্বামী গৃহবধু খাতুন (২৫) কে শরীরে গরম পানি ঢেলে দিয়ে পুড়িয়ে ঝলসে দিয়েছে। 

ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে। আহত শাপলাকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার। 

অভিযোগে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ই্উনিয়নের বড় পাইকশা গ্রামের শামসুলের মেয়ে শাপলা খাতুনের বিয়ে হয় একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাছেদ খান ওরফে মুনান এর ছেলে শামিমের সাথে। 

এদের ঘরে তিনটি সন্তানও রয়েছে। গতকাল রোববার সকালে শাপলা তার স্বামীর নিকট কিস্তির টাকা চাইতেই রেগে গিয়ে চুলায় ভাত রান্না করার গরম পানি ঢেলে দেয় শাপলার গায়ে। 

এ সময় শাপলা চিৎকার করতে থাকলে পাষন্ড স্বামী শামীম পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন শাপলাকে সাঁথিয়া হাসপাতালে নিয়ে আসে। 

হাসাপাতালে শাপলার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। 

শাপলার মা ময়না থাতুন জানান, বিয়ের পর থেকেই শাপলার পাষন্ড স্বামী শাপলাকে বিভিন্ন সময় নির্যাতন করতো। এমনকি তার শশুর শাশুড়ি মিলেও নির্যাতন করতো। শামিম কোন কাজকর্ম করে না নেশা করা আর জুয়া খেলা তার প্রধান কাজ। 

এ ব্যাপারে শাপলার শশুর আব্দুল বাছেদ খান মুনান সাংবাদিকদের বলেন,ছেলে যদি এরকম করে কি করবো বলেন। আমি শাপলার চিকিৎসার ব্যবস্থা করছি। 

এ বিষয়ে সাঁথিয়া থানা ওসি তদন্ত আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে আমি ও এসআই গাফ্ফারসহ হাসাপাতালে গিয়েছিলাম। মেয়ের বাবাকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।