জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার বৃন্দাবন দাসের মায়ের পরলোকগমন


চাটমোহর প্রতিনিধিঃ 
জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসের মা ময়না দাস (৭৫) আর নেই।
আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্ট্রোক করলে তাকে নাটোরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না দাস নাটোরে তার মেয়ে বরুণা দাস ও তার জামাইয়ের বাসায় থাকতেন।  অনেকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার শেষকৃত্যের সময় এখনও নির্ধারন হয়নি। বৃন্দাবন দাসসহ তার অপর সন্তানেরা বাড়ি পৌছালে শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে ২০১৫ সালের ১৭ অক্টোবর বৃন্দাবন দাসের বাবা বরেণ্য কীর্তনিয়া পাবনার চাটমোহর পৌরসভার নতুন বাজার মহল্লার বাসিন্দা দয়াল কৃষ্ণ দাস (৯৫) মৃত্যুবরণ করেন। ১৯৬৪ সালে ময়না রানীকে বিয়ে করেছিলেন দয়াল কৃষ্ণ দাস।
এদিকে, নাট্যকার বৃন্দাবন দাসের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন সহ জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীগণ ও সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।