আশিক মাহমুদ।।
নতুন রেলপথে ট্রেন চালু হতে না হতেই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে পাবনা এক্সপ্রেস ট্রেনটিতে। পাবনা-ঈশ্বরদী-রাজশাহীর মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার (১১সেপ্টেম্বর) রাজশাহী রেলস্টেশন থেকে ১ কিলোমিটার দূরে ভদ্রা মোড় রেলক্রসিং এ ইঞ্জিন বিকল হয়ে যায়।
এসময় রেলক্রসিং এর দুই পাশে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় তখন রেলওয়ের গার্ড, টিটিই, ট্রেনচালকদের সাথে ট্রেনযাত্রী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অন্যদিকে ঈশ্বরদী লোকোশেড এর উচ্চপর্যায়ের কারিগরি টিমের পরামর্শক্রমে বিকল্প ইঞ্জিন এর মাধ্যমে ট্রেনটিকে পুনরায় রাজশাহী রেলস্টেশনে সন্ধ্যা ৬ টায় ফিরিয়ে এনে ভদ্রা মোড় রেলক্রসিং যানজটমুক্ত করা হয়।
পরে ত্রুটিযুক্ত ইঞ্জিন টি পাবনা এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন করে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যায় পাবনা এক্সপ্রেস।
নাম না প্রকাশ করার শর্তে রেলওয়ে বিভাগের এক কর্মকর্তা জানান, পাবনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভদ্রা মোড়ে রেলক্রসিং এ এসে বিকল হয়ে যায়। পরে অন্য একটি ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি সচল করা হয়। অনেক দিনের পুরাতন ইঞ্জিন বলেই মাঝে মাঝে এমন ত্রুটি দেখা দেয় বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকল্প ইঞ্জিনের সাহায্যে প্রায় দেড় ঘন্টা দেরিতে রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। এছাড়া ট্রেন থেকে বিচ্ছিন্নকৃত ইঞ্জিনটি রাজশাহী রেলস্টেশনে রয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি আগামীকাল মেরামতের জন্য ঈশ্বরদী লোকোশেডে আনা হবে।
