পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত


আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার কৈজুরী গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত কুরবান আলী (৩০) আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। তিনি চরমপন্থী সংগঠন নকশাল গ্রুপের নেতা বলে দাবি করেছে পুলিশ।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শশ্মানের পাশে একদল দুষ্কৃতিকারী গোপন বৈঠক করছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় আতাইকুলা থানা পুলিশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশের ওপর গুলিবর্ষণ করে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়।

প্রায় ৩০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে পিছু হটে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে কুরবান আলী নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাসুদ রানা আরো জানান, এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, এএসআই মন্টু হোসেন, ফারুক হোসেন, কনস্টেবল আব্দুর রউফ ও শাহিন আলী।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি কার্তুজের খোসা, ইয়াবা ২০ পিস ও একটি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কুরবান চরমপন্থী নকশাল দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় হত্যা-ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।