পাবনা প্রতিনিধিঃ
পাবনায় স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটে। বুধবার রাত ৯টার দিকে শহরের মন্ডলপাড়ায় এই ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
মন্ডলপাড়ার বাসিন্দা ও ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের আহবায়ক হাব্বান ও আওয়ামীলীগ কর্মী শাহিন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ রাতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
আহতরা হলো মন্ডলপাড়ার হাসিনা খাতুন (৪৫), রোজি খাতুন (৪২), মুসলিকা খাতুন (৪৬), সাজেদা খাতুন (৪০), রাসেল (২৫), আকাশ (২২), পাপ্পু (২০), জাহিদুল ইসলাম (২৬), শেখ রানা আহমেদ (৪০) প্রমুখ।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পাবনা পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার রিয়াজুল ইসলাম বলেন, এই এলাকার হাব্বান ও শাহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই প্রায় ১৫ জন আহত হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই এলাকার সাজেদা খাতুন বলেন, মাঝে মধ্যেই এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। ফলে আমাদের বসবাসে অনেক সমস্যার সৃষ্টি হয়। আমরা অতংকে থাকি সব সময়। আমরা এই ঝামেলা থেকে রেহাই চাই।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের কেউই থানায় কোন অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
