ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবিয়ে নিজের ৯ মাস বয়সী শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পাষন্ড বাবা ওমর ফারুক (২০) কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক ওমর ফারুক ওই গ্রামের মহি প্রামানিকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল জানান, ওমর ফারুক একজন মাদকাসক্ত। মদ সেবন করে বিকেলে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। পাশে থাকা ৯ মাস বয়সী শিশুকন্যা জান্নাতি তার পিঠের নিচে চাপা পড়ে জ্ঞান হারায়। মারা গেছে ভেবে নিজের মেয়েকে বাড়ির পাশের পুকুরের পানিতে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে।
পরে শিশুটির মা বাচ্চার খোঁজ করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। শিশুটির খোঁজ জানাতে অস্বীকৃতি জানালে প্রতিবেশীরা বাবা ওমর ফারুককে মারধোর করে। একপর্যায়ে সে জান্নাতিকে হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার ও বাবাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
