কবি পাঞ্জাব বিশ্বাসের কবিতা- "স্বাধীনতার প্রাণ"

জাতির পিতার স্মরণে বরেণ্য কবি ও সাহিত্যিক পাঞ্জাব বিশ্বাসের কবিতা.............



"স্বাধীনতার প্রাণ"

সাত কোটি ভিরু-বুকে তুমিই ঢেলেছিলে বিজয়ের উল্লাস,
যৌবনের বসন্ত দিয়ে কিনেছিলে ইতিহাস।
লোহার গারদে বসে,
সাত কোটি স্বপ্নের লাশে
ছিটিয়েছিলে প্রাণ ;
কালো রাত্রির আঁধার-চিরে এনেছিলে সকালের উত্থান।

যেখানে ছিলো মৃত্যু-ভয় রক্তনদীর ঠিকানা,
দীপ্ত তেজে তুমিই বলেছিলে,"না"
ওখানেই জীয়নসুধায় রাঙা ভোর,
ওখানেই আছে শত বঞ্চনার কালজয়ী উত্তর।

তপ্ত রোদে বসে লিখেছিলে শিউলি-ঝরা ভোরের কবিতা,
বিরান-মরুর বালিয়াড়িতে উড়িয়েছিলে নক্সী কাঁথা।
ইতিহাসের বুক চিরে কান্না কুড়িয়ে এনে,
ভরেছিলে নিজের প্রাণে!
তারপর,
দ্রোহের বাতাসে তুলেছিলে-তুমি কালবোশেখির ঝড়।
কালো রাতের প্রলয় শেষে,
রক্তে-রাঙা সূর্য এসে,
শুনালো ভোরের গান,
মহাকালজয়ী স্বাধীনতা তুমি, স্বাধীনতার প্রাণ;
শেখ মুজিবুর রহমান।