পার্থ হাসান, পাবনাঃ
পাবনা পৌর এলাকার লাইব্রেরী বাজারে ট্রাক চাপায় বিন্দু ইসলাম (১২) নামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বিশাল ইসলাম (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিন্দু ও বিশাল সম্পর্কে ভাই বোন। তারা শহরের আই বি রোডের শরিফুল ইসলামের সন্তান। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার বিশাল তার ছোট বোন বিন্দুকে নিয়ে শহরের লাইব্রেরি বাজার হয়ে বাড়ি ফিরছিল।
এ সময় একটি অটোবাইকের ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিন্দুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিশালকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বিন্দু শহরের পুলিশ লাইন্স হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং বিশাল পাবনা জাগীর হোসেন একাডেমীর দশম শ্রেণির ছাত্র।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনার পর পরই ঘাতক ট্রাক এবং চালক সাগর আলীকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
