সাংবাদিক সুবর্না নদী হত্যার ঘটনায় সাবেক স্বামী ও শশুরকে আসামী করে মামলা


পাবনা প্রতিনিধিঃ
আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদী হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে নিহতের মা মর্জিনা বেগম বাদি হয়ে পাবনা থানায় মামলাটি করেন।

মামলায় নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে (৬০) প্রধান আসামি করা হয়েছে। মামলার পরই পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার দেখায়। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফকার করে পুলিশ।

গ্রেফতারকৃত আবুল হোসেন সাংবাদিক সুবর্ণা নদীর সাবেক স্বামী রাজিবের বাবা। তিনি ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানি) এবং শিমলা ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক।

পাবনা থানার ওসি ওবাইদুল হক জানান, নিহত নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনজন এজাহার নামীয় এবং ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার পরই পুলিশ প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিজ বাসার সামনে সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

পুলিশ চাঞ্চল্যকর এই হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি।পুলিশ বলছে, ব্যক্তিগত বিরোধের কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, বুধবার বাদ জোহর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সাংবাদিক সুবর্ণা নদীর জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাকে পাবনা সদর উপজেলার বালিয়াহালট গোরস্থানে দাফন করা হয়।