স্টাফ রিপোর্টারঃ
স্কুলে গিয়ে হঠাৎ করে পিরিয়ড হলে ছাত্রীদের পড়তে হয় বিপাকে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে পাবনার চাটমোহরে প্রথমবারের মতো স্কুলে চালু হলো ইমার্জেন্সি প্যাড কর্ণার।
শনিবার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইমার্জেন্সি প্যাড কর্ণারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
‘ডোনেট এ প্যাড ফর হাইজিং বাংলাদেশ’ ও ‘বজ্রমুষ্ঠি ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে এই ইমার্জেন্সি প্যাড কর্ণার স্থাপন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, স্কুলে গিয়ে হঠাৎ করে পিরিয়ড শুরু হলে বিপাকে পড়ে ছাত্রীরা। তারা সহপাঠী ও শিক্ষককে বলতেও সংকোচ বোধ করে। এখন থেকে স্কুলের একটি নির্ধারিত স্থানে থাকবে ইমার্জেন্সি প্যাড কর্নার।
সেখান থেকে সহজেই ছাত্রীরা প্যাড ব্যবহার করে সেই সমস্যা থেকে রেহাই পাবে। আর ছাত্রীরা প্যাড কর্নারে ৫ টাকা করে রাখবে। জমানো টাকা দিয়ে পরবর্তীতে যাতে তারা নিজেরাই প্যাড কিনে রাখতে পারে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনরা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসাহাক আলীর সভাপতিত্বে ও ‘ডোনেট এ প্যাড ফর হাইজিং বাংলাদেশ’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মার্জিয়া প্রভার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর কাউন্সিল নুর-ই হাসান খান ময়না, ইন্টার্ন চিকিৎসক লাবনী পাল, বজ্রমুষ্ঠি ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজেন কুন্ডু, চাটমোহর উপজেলা শাখার সভাপতি রনি রায় প্রমুখ।
