সাঁথিয়ার সন্ত্রাসীদের আগুনে অগ্নিদগ্ধ মুক্তি মৃত্যুর সাথে ১০ দিন পাঞ্জা লড়ে না ফেরার দেশে


এস.এম.জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ 
শত্রুতার জেরে গায়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়া পাবনার সাঁথিয়ার বীর মুক্তীযোদ্ধা মোজাম্মেল হকের মেয়ে কলেজ ছাত্রী মুক্তি খাতুন (২২) মারা গেছেন। 

সোমবার (২৭) আগস্ট দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মঙ্গলবার (২৮) আগস্ট সকালে বিষয়টি নিশ্চিত করে মুক্তির ভাই নাছির উদ্দিন বলেন, ঢাকা মেডিকেলে ময়না তদন্ত্র শেষে মুক্তির লাশ পাবনায় গ্রামের বাড়িতে আনা হবে।

মুক্তি পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া গ্রামের মুক্তীযোদ্ধা ও আ.লীগ নেতা মোজাম্মেল হকের মেয়ে। মুক্তি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো। 

মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা মোজাম্মেল হক এবং আ.লীগের স্থানীয় নেতা আব্দুস সালামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জেরে গত ১৯ আগস্ট দিনের বেলায় সালাম ও জাহিদের নেতৃত্বে ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। 

এসময় মোজাম্মেল হক বাড়িতে না থাকায় সন্ত্রাসী তার মেয়ে মুক্তি খাতুনের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

দগ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করে।

তার অবস্থার অবনতি হলে গত ২৬ আগস্ট বার্ন ইউনিটের আইসিইউতে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে মৃত্যু হয়।

এব্যাপারে সাঁথিয়া থানার ওসি তদন্ত্র আব্দুল মজিদ জানান,মামলা বেশ কয়েকজন আসামীকে আটক করা হয়েছে, বাকি পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।