কবি শেলী উর্বশী'র কবিতা- "জেগে ওঠো পিতা"

১৫ই আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবি শেলী উর্বশী'র লেখা কবিতা......


"জেগে ওঠো পিতা"

একটি আলোকিত ভোরের সূর্য
দেখার আশার মতো,
দীর্ঘতর সময় পথ চেয়ে বসে আছি অবিরত,
তোমার প্রতিক্ষায়,
সাতই মার্চে রেসকোর্সের দুরন্ত ছায়ায়।
লক্ষ কোটি প্রাণ জেগে উঠেছিল
তোমার আহ্বানে,
তোমার বজ্র কন্ঠে কবিতা শুনে
জীবন বাজি রেখে ভরা ফাল্গুনে
হাতে নিয়েছিল মৃত্যুর পরোয়ানা,
তুমি হয়তো জানোনা
আজো আছে জেগে প্রতিটি প্রাণ,
তোমার জন্য পিতা, শেখ মুজিবুর রহমান।

তোমায় দেয়া প্রতিশ্রুতি রাখতে
অকাতরে বিলিয়েছে পিড়িতের ব্যাথা ঢাকতে,
প্রিয় স্বদেশ ছিল সোচ্চার,
রুদ্ধ আবেগ জ্বলে উঠেছিল বীর জনতার।

স্বাধীন হলো সোনার দেশ কতো যাতনা সয়ে,
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে,
রাজপথে মুক্তির স্লোগানে হয়েছিল উত্তাল,
আকাশ বাতাস প্রকম্পিত করা মহাকাল,
এনেছিলো বিজয় নিশান,
তোমার আহ্বানে পিতা, শেখ মুজিবুর রহমান।

সেদিন হঠাৎ চমকে উঠেছিল বুক,
শুনেছি যখন সেই প্রিয় মুখ 
খামচে ধরেছে পরাজিত শকুনের দল,
ক্ষতবিক্ষত করেছে পিতার প্রাণের কোলাহল,
বুকের পাঁজর রাঙা করে,
জেগে আছি পিতা, গভীর অন্ধকারে।

তুমি আর একবার জেগে ওঠো পিতা,
শুধুই একটি বার বাজাও তোমার দুরন্ত সঙ্গীতা,
রচনা করো আরও একটি নতুন ভোর,
চারদিকে শুনো শোর,
মাভৈ মুজিব আমরা লক্ষ প্রাণ,
আমরা মুজিব, আমরাই শেখ মুজিবুর রহমান।