পাবনার ঈশ্বরদীতে তিন বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অফিসার ও এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।  

শুক্রবার (১০ আগষ্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া শিমুলতলা গ্রামে এই সিরিজ ডাকাতির ঘটনা ঘটে।  

ডাকাতরা ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফজলুল হক মন্টু, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক মনিরুজ্জামান মনি ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী আনিসুজ্জামান মুক্তার পাশপাশি তিন বাড়িতে ডাকাতি করে। বাড়ির লোকজন জানান, এসময় ডাকাতরা হাফ প্যান্ট, গেঞ্জি পরা ও তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল।

এসব বাড়ির লোকজন জানান, ডাকাতদল দরজা ভেঙে নারী ও শিশুসহ ৩ বাড়ির ৯ সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে প্রত্যেক ঘরের আলমারি, ওয়্যারড্রব ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ২ লাখ টাকা ও ৭টি দামি মোবাইল সেট নিয়ে যায়। যাওয়ার সময় বাইরে থেকে প্রত্যেক দরজার সিটকিনি বন্ধ করে ডাকাতরা পালিয়ে যায়। 

খবর পেয়ে রাতেই ঈশ্বরদী থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শনিবার সকালে সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দীনসহ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুঃখপ্রকাশ করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।