পাবনায় আগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন


পাবনা প্রতিনিধিঃ
পাবনা শহরের জনতা ব্যাংক মোড়ে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জেলা প্রশাসন সুত্র জানায়, সোমবার (২০ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক এই তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। 

কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত  প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২০ আগষ্ট) ভোর সাড়ে চারটার দিকে ৬ তলা বিশিষ্ট বিশ্বাস ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন দুইতলা ও তিনতলায় ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ভবনে পূবালী, রূপালী, যমুনা ও ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, রেষ্টুরেন্ট, দোকান এবং আবাসিক ফ্লাটে ৩৬টি পরিবার বসবাস করছিল।

স্থানীয়দের ধারণা, এপেক্স সু’র শোরুম থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে দাবী ফায়ার সার্ভিসের।