ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর রুপপুর আনবিক প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। ইগুর মিখাই রোভিচ (৬৫) নামের এই ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
তিনি রুপপুর আনবিক প্রকল্পে রসাটমের ঠিকাদারি প্রতিষ্ঠান আর্গানষ্ট্রয় এর ভূতত্ত্ববিদ হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (১৪ আগষ্ট) বিকাল ৫ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে তাই ময়নাতদন্ত হবে না।
তার মরদেহ নিজ দেশ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
