খুলনা-গাজীপুরের মতো তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে-পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী


পার্থ হাসান, পাবনাঃ
খুলনা-গাজীপুরের মতো রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুশৃঙ্খল ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

রোববার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ফায়ার সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে  তিনি এমন মন্তব্য করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন যেমন বিশৃঙ্খলামুক্ত হয়েছে, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী বিশৃঙ্খলার যে আশঙ্কা করছে, তা ভিত্তিহীন । নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 

তিনি আরো বলেন, দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে তেমনি মাদক বিরোধী অভিযানেও তাদের পূর্ন সমর্থন রয়েছে। সরকার জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধা শূন্য হয়ে যাবে। 

১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) শামসুল হক টুকু। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে বেড়া পৌরসভা মিলনায়তনে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে মিলিত হন স্বরাষ্ট্রমন্ত্রী।