ঈশ্বরদী কলেজের অধ্যক্ষের উপর হামলার মামলায় ছাত্রলীগ সভাপতি রনি কারাগারে


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী সরকারী কলেজ অধ্যক্ষের উপর হামলা ও প্রাণনাশের হূমকি ও চাঁদাবাজির মামলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

আজ সোমবার (২রা জুলাই) পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আমলি-২ আদালতে ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খানের দায়ের করা সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে।

এসময় আদালতের বিজ্ঞ বিচারক আবু বাছেদ তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে রনিকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। একই মামলার অপর আসামী ছাত্রলীগ কর্মী শিশিরের জামিন আবেদনও না মঞ্জুর করে তাকেও হাজতে পাঠায় বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত বুধবার ( ২৭ জুন ) ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খান ও উপাধ্যক্ষ আব্দুল জলিল সহ বেশ কয়েকজন শিক্ষকের উপর চাদার দাবীতে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সাধারণ সম্পাদক সাব্বির হাসান সহ ছাত্রলীগ কর্মী শুভ, রাতুল,শিশির, শিপন ও হাসান সহ ১১ জন ছাত্রলীগের নেতা কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস ও চাদাবাজির মামলা করেন অধ্যক্ষ ড.আব্দুস সবুর খান।

এই মামলায় রনি ও শিশির আদালতে আত্মসমর্পণ করলেও ঘটনার ৬ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।
 
উল্লেখ্য ভূমিমন্ত্রীর আশীর্বাদপুষ্ট ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি ২৯ নভেম্বর রুপপুর আনবিক কেন্দ্রে সাংবাদিকদের উপর সান্ত্রাসী হামলার অন্যতম প্রধান আসামী।

এদিকে হামলাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার ও বিচার দাবীতে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকরা সহ সারাদেশের বিসিএস শিক্ষা সমিতির উদ্যোগে আজ সোমবার (২রা জুলাই) সারাদেশের সকল সরকারি কলেজে কালো ব্যাচ ধারন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিসিএস শিক্ষা ক্যাডাররা।