স্থানীয় প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়ার পার্শস্থ মনিদহ গ্রামে এক মুরগীর খামারের পাশ থেকে মো: রনি হোসেন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবক সদর উপজেলার ভজেন্দ্রপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মো: কবির এর পুত্র। তার মায়ের নাম রোকেয়া। রনি তার নানার বাড়ির এলাকায় মায়ের সাথে বসবাস করে। সে স্থানীয় রাজনীতির সাথেও যুক্ত ছিলো বলে জানা গেছে।
মুরগীর খামারের মালিক আলহাজ্ব জাহাঙ্গীর আলম জানান, গত তিন মাস পূর্বে রনি তার খামারে কাজে যোগদান করেছিলো।
নিহত রনির বড়ভাই রকি জানায়, গতকাল বিকেলে খামারে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পরে ফিরে না এলে তার খোজ করতে ফোন দেয়া হলেও তা রিসিভ করে নি। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার (৩০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রনিকে ওই খামারে কাজ করতে দেখেছেন তারা।
রাতের কোন এক সময় রনি হত্যাকান্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে অনেকের ধারনা। কারন রনির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আবার অনেকে মনে করছেন বিদ্যুয়াতি হয়ে রনির মৃত্যু হতে পারে, কারন যেখানে রনির লাশ পড়ে ছিলো তার পাশেই সাবমার্সেবল পানির পাম্প রয়েছে।
পাবনার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান জানান, কিভাবে রনির মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছেনা। তবে তদন্ত অব্যাহত আছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
