ঈশ্বরদী প্রতিনিধিঃ
স্কুল থেকে ফুটবল খেলে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়েছিল। বাড়ি ফিরে মায়ের হাতে ভাত খাবে। কিন্তু তা আর হলোনা। গোসল করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো কৌশিক কে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর ২টায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কৌশিক বাঘইল সাঁকোর মুখ সংলগ্ন এলাকার আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে সবজি বিক্রেতা খোকন হোসেনের ছেলে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে দুপুরে ফুটবল খেলা শেষে বাঘইল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পুকুরে পাঁচ বন্ধু গোসল করতে যায়।
গোসলে নেমে তিন বন্ধু সাঁতরে উপরে উঠে পড়লেও দুই বন্ধু পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে এক ছাত্রকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।
পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা দেড়ঘণ্টা পর কৌশিককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
ঈশ্বরদী হাসপাতালের কতব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর রহমান সুমন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কৌশিক মারা যায়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
