জনপ্রশাসন পদক পেলেন পাবনার কৃতিসন্তান সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বিপ্লব


পাবনা প্রতিনিধিঃ
ব্যক্তিগত পর্যায়ে সাধারণ ক্ষেত্রে “জনপ্রশাসন পদক-২০১৮” পেলেন পাবনার কৃতি সন্তান জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোঃ সাবিরুল ইসলাম। ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপন করার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি এ পদক পেয়েছেন। 

আগামী ২৩ জুলাই,২০১৮ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি পদক গ্রহণ করবেন। সুনামগঞ্জ জেলার ৩১ টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে এবং অবশিষ্ট ইউনিয়নসমূহে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কাজ চলমান আছে।

সাবিরুল ইসলাম বিপ্লব পাবনার বিশিষ্ট রাজনীতিবিদ খাপড়া ওয়ার্ডের গুলিবিদ্ধ বিপ্লবী, ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আমিনুল ইসলাম বাদশার একমাত্র পুত্র এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির ভাতিজা।

পাবনার পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামে জন্ম নেয়া পাবনা জেলা স্কুলের ছাত্র সাবিরুল ইসলাম ১৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করেন।

জনপ্রশাসন পদক প্রাপ্তির এ গর্বিত অর্জনে তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাবনা সদর  আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রতিদিনের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সম্পাদক শহীদুর রহমান শহীদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সম্পাদক কাজী বাবলা, টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সম্পাদক সৈকত আফরোজ আসাদ,  জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বুরো, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ বুরো প্রধান উৎপল মীর্জা, সাংবাদিক মীর্জা আজাদ, ক্যাব পাবনা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সুশীল তরফদার,দি ডেইলী স্টারের পাবনা প্রতিনিধি আহমেদ তপু সরকারী বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা খানম ডেইজী, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফাহিমুল কবির খান শান্ত,পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক রাসেল রহমান প্রমূখ।

উল্লেখ্য, সাবিরুল ইসলাম বিপ্লব একজন দক্ষ ও সৎ জেলা প্রশাসক হিসেবে স্বল্প সময়ে সুনামগঞ্জ জেলায় ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন। 

সম্প্রতি, সুনামগঞ্জের ফসল রক্ষায় শত কোটি টাকা ব্যায়ে হাওড় রক্ষা বাধ নির্মাণ প্রকল্প সঠিক ভাবে, নির্ধারিত সময়ে বাস্তবায়ন করায় সরকারের উচ্চ পর্যায়ের প্রশংসা অর্জন করেন তিনি।