সাঁথিয়ায় নকল ঔষুধ তৈরীর কারখানায় অভিযান, কোটি টাকার মেশিনসহ ৩ জন আটক

এস.এম. জহুরুল হক, সাঁথিয়াঃ
পাবনার সাঁথিয়ায় নকল ঔষধ তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার (৪ জুলাই) রাতে উপজেলার কাশিনাথপুর গ্রামের বাবু পাড়ায় অভিযান চালিয়ে নকল ঔষুধ তৈরির কারখানা থেকে নকল ঔষুধসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ঔষুধ তৈরির কোটি টাকা দামের মেশিন, মালামাল ও নকল ঔষধ জব্দ করা হয়।

আটককৃতরা হলো কাশিনাথপুর গ্রামের বাবু পাড়ার রফিকুল ইসলামের ছেলে কাশিনাথপুর ইউনিয়নের ছাত্র দলের আহবায়ক বদিউর রহমান (৩৫), তার ছোট ভাই জামিল হোসেন (৩০) ও একই গ্রামের শুকুর শেখের ছেলে মিজানুর রহমান (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে এএসপি (সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বীন হাসান, সাঁথিয়া থানা ওসি তদন্ত আব্দুল মজিদ ও কাশিনাথপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুলের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বাবু পাড়ার রফিকুল ইসলামের অভিযান চালায়। 

এসময় পুলিশ ঘটনা স্থলে আসামীদের এসিআই কোম্পানীর ফ্লুফ্লক্স-৫০০ (এন্টিবায়োটিক) ঔষুধ মেশিনে তৈরিরত অবস্থায় আটক করে। 

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী শুকুর শেখের বাড়ি থেকে ঔষুধ তৈরির কোটি টাকা দামের মেশিন, নকল  ফ্লুফ্লক্স-৫০০ ক্যাপসুল, যৌন উত্তেজনাদায়ক সুপার নাইট, নাইটগার্ড ইনজয়, ঔষুধ তৈরির নকল কাচাঁমাল, বিভিন্ন ধরণের যৌন উত্তেজনার ঔষধের মোড়ক উদ্ধার করে।


আটককৃত বদিউর রহমান জানান, ঢাকার পুরানো পল্টনের আজাদ সেন্টারে আমাদের মালিক থাকেন। তার নাম শাহেদ মির্জা। তিনি আমাদের কাছে কাঁচামাল সবরাহ করে থাকেন। ঔষুধ তৈরির মেশিন তিনি দিয়েছেন। আমরা ঔষুধ তৈরি করে শাহেদ মির্জার নিকট ঢাকায় পাঠিয়ে থাকি। তিনি ঢাকা থেকে সারা দেশে এ ঔষুধ সরবরাহ করে থাকেন। আমরা সবাই ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছি।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, আসামীদের একটি সঙ্গবদ্ধ দল রয়েছে তারা সু -কৌশলে নকল ঔষুধের নকল কাঁচামালসহ বাজারে ঔষুধ সরবরাহ করে থাকে। তিনি আরও বলেন এরা ঔষুধের আড়ালে ইয়াবার ব্যবসা করে। আসামীরা ইয়াবা তৈরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বদিউরের বিরুদ্ধে ময়মনসিংহে মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।