অবশেষে নিয়োগ পরীক্ষায় অনিয়মকারী বুলবুল কলেজের অধ্যক্ষ কারাগারে


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ড. একেএম রিজাউল করিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকেলে পাবনার অতিরিক্ত চিফ জুডিশায়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ মে পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহে সহযোগিতার অভিযোগে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ড. একেএম রিজাউল করিমসহ বিভিন্ন কলেজের ৪ শিক্ষককে আটক করে জেলা প্রশাসন। 

পরে অধ্যক্ষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে এ মামলায় অধ্যক্ষসহ ৪ শিক্ষককে অভিযুক্ত করে মামলা হয়।একই ঘটনায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে কমপক্ষে ১৫ পরীক্ষার্থীকে বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। 

এ সময় সরকারি শহীদ বুলবুল কলেজ কেন্দ্র থেকে অধ্যক্ষ ও শিক্ষকসহ ৮ জন, পাবনা জেলা স্কুল কেন্দ্র থেকে ২ জন, শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন, পাবনা ইসলামিয়া কলেজ কেন্দ্র থেকে ৫ জন ও পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

সুত্র জানায়, পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ রিজাউল করিমসহ একটি সিন্ডিকেট প্রতিজনের কাছ থেকে ৫ লক্ষ করে টাকা নিয়ে নকল করার সুযোগ দেন। তিনি নিজেই নকল সরবরাহ করছিলেন। 

এ সময় কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট তাকে বাধা দিলে উল্টো তার উপর চড়াও হন। পরে জেলা প্রশাসের নির্দেশে তাকে আটক করা হয়। গত ২৮ মে তাকে ওএসডি করা হয়।