পবিত্র তালুকদার, চাটমোহরঃ
চাটমোহরে ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া চন্দ্রাবতী খালের উপর নির্মাণাধীন ব্রীজ নির্মানের শুরুতেই ফাটল দেখা দিয়েছে।
নিম্নমানের নির্মান সামগ্রী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারনে এমন অবস্থা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সম্প্রতি ব্রীজের বিশাল ফাটলের ছবি তুলে স্থানীয় কয়েকজন যুবক ফেসবুক এ স্ট্যাটাস দিলে প্রসাশনের নজরে আসে।পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তড়িঘড়ি করে বালু সিমেন্ট দিয়ে ফাটল বন্ধ করে দেয়।
তবে এই জোড়াতালি দিয়ে নির্মাণ ব্রীজ কতদিন টিকবে তা নিয়ে সংশয় রয়েছে এলাকাবাসীর মনে।
জানা গেছে, দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রানালয়ের সেতু ও কালভার্ট নির্মান শীর্ষক প্রকল্পের ২০১৬-১৭ অর্থ বছরের ৪০ লাখ ৯৪ হাজার ৫শ টাকা ব্যায়ে হোগলবাড়িয়া আহমেদ এর বাড়ির সামনে চন্দ্রাবতী খালের উপর ৫০ ফুট দৈর্ঘের ব্রীজ নির্মানের কাজ পায় নাটোরের আলাইপুর এলাকার মৌসুমী ট্রেডিং।
তবে ২০১৬-১৭ অর্থবছরের কাজ অজ্ঞাত কারনে ২০১৭-১৮ অর্থবছরে এসে কাজ শুরু করে।শুরুতে এলাকাবাসী নিম্নমানের নির্মান সামগ্রী ব্যাবহারের অভিযোগ তুলে এর প্রতিবাদ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এর কর্নপাত না করে তাদের মত করে কাজ চালিয়ে যায়।
পরে ফাটল দেখা দিলে তড়িঘড়ি করে তা বন্ধ করে দেয়ার পরেও বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শামীম এহসান চীন সফরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপসহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলামের অফিসে গিয়েও তাকে পাওয়া যায় নি।পরে তার মোবাইলে একাধীকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য গ্রহন করা সম্ভব হয় নি।
এ ব্যাপারে ইউএনও অসিম কুমার সংবাদ জানান, ঠিকাদারকে ত্রুটিপূর্ণ জায়গাগুলো মেরামত করতে বলা হয়েছে। কাজের মান ভালো হয়েছে কিনা তা দেখে পরবর্তীতে বিল দেয়া হবে।
