ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু হত্যা মামলায় সৌরভ হাসান টুনটুনিসহ তার দুই ভাই শাওন ও টুনুকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২৫ জুলাই) দুপুরে জামিনের জন্য আদালতে হাজির হলে পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালত-২-এর বিচারক আবু বাসেদ বুলু মিয়া তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, এ বছরের রোববার (০১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে রূপপুর মোড় এলাকায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিন্টুর ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়।
এ হামলায় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে জখম করার পর তিন রাউন্ড গুলি করে। ওই সময় এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন সন্ত্রাসীদের গুলিতে পিন্টু গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সোমবার (০২ এপ্রিল) ভোর সাড়ে চারটার তাঁর মৃত্যু হয়৷ পিন্টু নিহত হওয়ার পর রাতে বাবা আব্দুল আজাদ বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন।
আদালত সূত্র জানায়, সৌরভ হাসান টুনটুনিসহ তার দুই ভাই শাওন ও টুনু আজ পাবনা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। এ সময় উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালতের বিচারক তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, মিন্টু হত্যা মামলায় সৌরভ হাসান টুনটুনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পলাতক ছিলেন। পুলিশ এ মামলার অভিযোগপত্র ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে।
