পাবনা প্রতিনিধিঃ
পাবনা ও শাহজাদপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ও পাবনামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।
সেই সাথে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও কোনো বাস চলাচল করছে না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি ও শাহজাদপুর পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের কারণে শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
একইসঙ্গে পাবনার সঙ্গে ঢাকা-বগুড়ার বাস চলাচলও করতে দেয়া হচ্ছে না। তবে বিকল্প রাস্তায় পাবনা-ঢাকার কিছু দূরপাল্লার বাস চলছে।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, রমজান মাসের শুরু থেকে রাজশাহী রুটে চেইন ছাড়াই দু’টি বাস ছাড়ে শাহজাদপুর মালিক সমিতি। ঈদের আগে আমরা বিষয়টি মেনে নিয়েছিলাম।
কিন্তু ঈদ পার হওয়ার পর ধীরে ধীরে তারা আরও গাড়ি দেয় এ রুটে।
এ নিয়ে দুই সমিতির দ্বন্দ্বের শুরু।এর জের ধরে দু’দিন আগে জেনিন পরিবহন নামে একটি বাস আটকে রেখেছে শাহজাদপুর মালিক সমিতি।
এসব কিছুর প্রতিবাদে শাহজাদপুরে রুটে তারা কোনো গাড়ি দিচ্ছে না, তাদের গাড়িও আসতে দেয়া হচ্ছে না।
তবে বিকল্প রাস্তায় পাবনা-ঢাকার কিছু দূরপাল্লার বাস চলছে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।
