চাটমোহরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার


চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে শ্রীলতাহানীর অভিযোগে মিলন হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। 
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজার এলাকা থেকে তাকে আটক করেন থানার এসআই নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। সে ওই এলাকার গ্রাম পুলিশ সদস্য মো. গোলজার হোসেনের ছেলে।
জানা গেছে, গত রোববার বিকেল ৩টার দিকে মিলনের বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। এ সময় তাকে মাছ মারার কথা বলে পাশেই একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মিলন। 
পরে শিশুটির চিৎকারে লোকজন জড়ো হলে পালানোর সময় ধাওয়া দিয়ে মিলনকে আটক করে এলাকাবাসী। ওই দিন রাতেই এ ঘটনা নিয়ে গ্রাম্য মাতুব্বররা সালিশ বৈঠক বসায়। 
পরে সালিশে কোন সুরাহা না হওয়ায় সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৫।
চাটমোহর থানার এসআই নাসির উদ্দিন জানান, শিশুটির পিতা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত মিলন হোসেনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।