টানা বৃষ্টিতে চাটমোহরে চাউল ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি


চাটমোহর প্রতিনিধিঃ
গত কয়েক দিনের বৃষ্টিতে পাবনার চাটমোহরের চাল ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। 

আবহাওয়া ভাল থাকায় চাটমোহরের প্রায় সব ধান চাতালে যখন পুরোদমে চাল উৎপাদন চলছিল 

এমন সময় গত রবিবার থেকে হঠাৎ বৃষ্টি শুরু হলে ব্যবসায়ীদের ধানের চাতালে শুকানোর জন্য দেয়া সিদ্ধ ধান ভিজে যায়। প্রায় এক সপ্তাহেও সিদ্ধ ভেজা ধান শুকাতে না পারায় সেগুলি পঁচে যাচ্ছে। পাশাপাশি সিদ্ধ করার উদ্দেশ্যে হাউজের পানিতে ধান ভিজিয়ে রাখলেও সে ধান তারা সিদ্ধ করতে ও শুকাতে না পারায় পঁচে যাচ্ছে। 

জানা গেছে চাটমোহরের মির্জাপুর, করকোলা ও পৌর সদরসহ অন্যান্য এলাকায় প্রায় ৮০ টি ধানের মিল চাতালে দুই শতাধিক চাল ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। 

উপজেলার চিনাভাতকুর গ্রামের চাল ব্যবসায়ী সনাতন হালদার জানান, চাল ব্যবসায়ীদের সিদ্ধ ও ভিজিয়ে রাখা মিনিকেট, বাঁশমতি, উনত্রিশসহ অন্যান্য ধান পঁচে যাচ্ছে। এ বৃষ্টিতে তার লক্ষাধিক টাকা লোকসান যাবে বলে জানান। 

মির্জাপুর মোকামের চাল ব্যবসায়ী নাছির উদ্দিন জানান, ৮শ থেকে ৮শ ২০ টাকা মন উনত্রিশ ধান কিনে ৫০ কেজি চাল ১৫শ থেকে ১৬ টাকায় বিক্রি করছিলাম। বাজার নিয়ন্ত্রণে না থাকায় চাল ব্যবসায় যখন কিছু দিন যাবত লোকসান হয়ে আসছিল এমন সময় টানা বৃষ্টিতে আমাদের পথে বসার উপক্রম হল। 

তিনি আরো জানান, তার ৬শ বস্তা ধান পঁচে নষ্ট হয়ে দূর্গন্ধ বেড়িয়ে পরছে। এ বৃষ্টিতে তার অন্তত লক্ষাধিক টাকা লোকসান যাবে। 

ব্যবসায়ীদের মতে, কয়েক দিনের এ বৃষ্টির কারণে চাটমোহরের চাল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা লোকসান হবে।