চাটমোহর প্রতিনিধিঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার আলোচিত ৭ বছরের ২য় শ্রেণী পড়ুয়া শিশুকে ধর্ষণকারী যুবক সজীব সরদার ওরফে সবুজকে (১৮) আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৪ জুলাই) ভোরে জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর বাজার এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।সজীব চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের হৃদয় সরদারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে ভবানীপুর গ্রামের ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ঐ ছাত্রীকে একা পেয়ে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজীব।
এ সময় শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় সজীব। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই শিশুটির অস্ত্রোপচার করেন চিকিৎসক।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব সংবাদমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সজীবকে আতাইকুলা এলাকা থেকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (সজীব) ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
