পাবনায় কৃষকলীগ নেতা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড


পাবনা প্রতিনিধিঃ
পাবনার মালিগাছায় চাঞ্চল্যকর কৃষকলীগ নেতা তোফাজ্জল হোসেন (৫২) হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুলাই) বেলা তিনটার দিকে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট শাহজাহান আলী। আসামি পক্ষের আইনজীবি ছিলেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আকবার প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন, মজি প্রামাণিকের ছেলে তজির উদ্দিন, নুর ইসলামের ছেলে ইকরাম হোসেন খোরশেদ আলী মন্ডলের ছেলে আকাই মন্ডল, এরশাদ আলীর ছেলে আসকান আলী, লবিন উদ্দিনের ছেলে জীবন হোসেন ও জামাত আলীর ছেলে জাফর আলী।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শাহজাহান আলী জানান, ২০১০ সালের ৩রা অক্টোবর রাতে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নওদাপাড়া গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৫২) কে নিজ বাড়িতে র‌্যাবের পরিচয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। 

এলাকায় হত্যাকারীদের নানা অপকর্ম ও অন্যায়ের প্রতিবাদ করায় পথের কাঁটা সরিয়ে দিতে তোফাজ্জলকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মালেক বাদি হয়ে পরদিন ৪ অক্টোবর তারিখে ৭ জনের  নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন আসামিরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান তদন্ত শেষে ২০১১ সালের ১২ মে ওই সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার এ রায় দেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ সময় আসামি ও তাদের স্বজনদের কান্নায় ভেঙ্গে পড়েন।