ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড়ের আওয়ামীলীগ যুবলীগ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগ নেতা রফিক যুবলীগ কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন এসময় পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। রফিককে গ্রেফতারের সময় কার্যালয়ের ভেতর থেকে ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়।
এদিকে রফিককে গ্রেফতারের খবর পেয়ে উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা যুবলীগ কার্যালয়ে আসেন।
ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব জানান, রফিককে যুবলীগ কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ, সে যুবলীগের কোন পদে নেই তবে পূর্নাঙ্গ কমিটি হলে তার পদে আসার কথা রয়েছে।সে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা।
ঈশ্বরদী থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, রফিকের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আগামীকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
