বার্তাকক্ষঃ
উচ্চ শিক্ষা গ্রহণে মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১৬৩ জন শিক্ষার্থীকে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭' এর জন্য মনোনীত করেন। বুধবার (২৫ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে ইউজিসি আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্তরা হলেন সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ থেকে জাকিয়া মৌসুমি (ফলাফল :৩.৯), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সি এস ই বিভাগ থেকে জুলেখা জাহান জুই (ফলাফল : ৩.৮), বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ইব্রাহিম খলিল (ফলাফল : ৩.৭৫), ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের তানিয়া সুলতানা (ফলাফল:৩.৭৬)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইব্রাহিম খলিল জানান, 'মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন পদক অর্জন সত্যি অনেক আনন্দের এবং গর্বের এবং ভালো লাগার, আমি আমার পিতামাতা, শিক্ষক, সহপাঠী সকলের কাছে কৃতজ্ঞ যাদের সহযোগিতা ছাড়া এমন অর্জন কখনো সম্ভব হত না। তিনি ভবিষ্যৎ জীবনেও সফলতার এই ধারাবাহিকতা ধরে রাখতে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহ প্রদান করতে এই পদক প্রবর্তন করে।
