নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উদ্বোধন হচ্ছে পাবনা-ঈশ্বরদী রেলপথ। পাবনাবাসীর স্বপ্নের ট্রেন চলবে ১৪ ই জুলাই থেকে।
নবনির্মিত ঈশ্বরদী-ঢালারচর রেলপথ এ ১ম ধাপে প্রাথমিকভাবে পাবনা-রাজশাহী রুটে চালু হবে ট্রেন চলাচল।
গতকাল বুধবার (৪ জুলাই) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক এ তথ্য জানিয়েছেন।
আগামী ১৪ই জুলাই পাবনা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি পাবনা পুলিশ লাইন মাঠে এক জনসভায় ভাষন দেবেন। উক্ত জনসভা থেকেই নবনির্মিত ঈশ্বরদী-ঢালারচর রেলপথের ১ম ফেজ (আংশিক) ঈশ্বরদী-পাবনা পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১ টায় ঈশ্বরদীর রুপপুরে পারমানবিক প্রকল্পে দ্বিতীয় ইউনিটের চুল্লির ঢালাই কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈশ্বরদী মাঝগ্রাম হয়ে পাবনার সুজানগরের ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ প্রকল্পের আওতায় নবনির্মিত ঈশ্বরদী-পাবনা পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথের নির্মান কাজ, সেতু, কালভার্ট, রেলগেট রেলক্রসিং ও সিগনালের কাজ সম্পুর্ন হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশলী-২ আরিফ আহম্মেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করে উদ্বোধনের পর ট্রেনটি "পাবনা এক্সপ্রেস" নামে চলাচল করবে।
তিনি আরো জানান, উদ্বোধনের দিন ইঞ্জিন সহ ছয়টি বগি নিয়ে ট্রেনটি পাবনা হতে ঈশ্বরদী পর্যন্ত চলবে। এরপর নিয়মিত পাবনা থেকে রাজশাহীতে চলাচল করবে।
পাবনা-রাজশাহী রুটের "পাবনা এক্সপ্রেস" ট্রেন চলাচলের একটি সময়সূচীও প্রকাশ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কতৃপক্ষ।
