পাবনা পুলিশ লাইন থেকে চুরি হওয়া পিকআপ ভ্যান সাঁথিয়া থেকে উদ্ধার, আটক-২

ছবিঃপ্রতিকী
এস.এম.জহুরুল হক, নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা পুলিশ লাইনের ভিতর থেকে পাবনা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হওয়ার ১ ঘন্টার মধ্যে সাঁথিয়া থানা পুলিশ পিকআপ ভ্যান উদ্ধার করেছে। 

এসময় চোর হাসিব (২৪) কে ও পরে তার বাবা আসলাম হোসেনকে আটক করে পুলিশ। হাসিবের বাড়ি পাবনা সদরের পীরপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকাল ৮ ঘটিকার দিকে পাবনা পুলিশ লাইনের ভিতরে রাখা পাবনা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়। 

এ সংবাদে সাঁথিযা থানা পুলিশ থানার সামনে বেরিগেট দিয়ে ওই পিকআপসহ চোর হাসিব হোসেন (২৪) কে আটক করে। পরে তার তথ্য মতে ফোন করে হাসিবের বাবা আসলামকে সাঁথিযা থানায় ডেকে এনে তাকেও আটক করা হয়। 

চোর আটকের সংবাদ পেয়ে দ্রুত সাঁথিয়া থানায় আসেন পাবনা সদর এএসপি (সার্কেল) ইবনে মিজান। তিনি থানায় হাসিবকে জিজ্ঞাসাবাদ করলে হাসিব জানায় সাঁথিয়ার দোপাদহ খালার বাড়িতে সে বেড়াতে যাচ্ছিল।

এদিকে হাসিবের বাবা আসলাম হোসেন জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘ দিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে এখন বাড়িতে আছে।

সাঁথিয়া থানার ওসি তদন্ত আঃ মজিদ জানান, পিকআপ চুরির সংবাদে আমরা থানার সামনে বেরিগেট দিয়ে পিকআপসহ চোরকে আটক করি। পরে সদর সার্কেলের নিকট পিকআপ ভ্যান ও চোরের বাবাসহ চোরকে হস্তান্তর করি।

পাবনা পুলিশ লাইন থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরি হওয়ার সংবাদে জেলা ব্যাপী ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।