পাবনায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ পলাতক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২


পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার মালিগাছায় র‍্যাব -১২ এক অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র সহ পালাতক সন্ত্রাসী মনিরুল ইসলাম মনিকে গ্রেফতার করেছে। 

মনি সদর উপজেলার মালিগাছা গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র। বৃহস্পতিবার(৭ই জুন) রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব।

শুক্রবার (৮ই জুন) বিকালে র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিনের নেতৃত্বে মালিগাছা গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী মনিরুল ইসলাম মনি কে গ্রেফতার করে।

এসময় তার শয়নকক্ষে তল্লাশী চালিয়ে খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলিসহ একটি পাইপগান, একটি একনলা বন্দুক, ৩৩ টি কার্তুজ, সাতটি চাইলিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমীন জানান, মনি দীর্ঘদিন ধরেই  ঐ এলাকায়  অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গুলি কার্তুজ নিজ হেফাজতে রেখে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো বলে স্থানীয়রা র‍্যাবকে জানায়। 

এই ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।