ঈশ্বরদী প্রতিনিধিঃ
নিখোঁজের এক দিন পর দাশুড়িয়া ইউনিয়নের আথাইশিমুল গ্রামে বিদু নাপিতের বাড়ির পাশের একটি ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ জুন) সকালে লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটি মাহিন (৭)। সে ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
আথাইশিমুল এলাকার একাধিক ব্যক্তি জানান, বুধবার (২৭ জুন) বিকেল থেকে মাহিন নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বিদু নাপিতের বাড়ির পাশের লোকজন ডোবায় মাহিনের লাশ দেখতে পান।
এদিকে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে শিশুটির মরদেহ নিজের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বর্তমানে শিশুটির লাশ উদ্ধারের বিষয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ চলছে।
শিশুটির মৃত্যু’র রহস্য উদঘাটনের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
