পাবনা প্রতিনিধিঃ
পাবনার আমিনপুর থানার ঢালার চর এলাকায় আলোচিত পুলিশ হত্যা মামলা সহ ৯ মামলার আসামী চরমপন্থি নেতা ও ডাকাত সর্দার নিজাম মন্ডল পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ জানতে পারে,আমিনপুর থানার ঢালারচর মালদার হাট ( দাসপাড়া) নামক স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ।
শনিবার দিবাগত রাত ১১.৩০ এর দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলকে ধাওয়া দিলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় ১০/১২ মিনিট ব্যাপী গোলাগুলি চলার পর অজ্ঞাতনামা ডাকাত দল পালিয়ে যায়।
পরে, পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে গেলে রাত ০১:৩৫ ঘটিকায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পরে জানা যায়, তার নাম নিজাম মন্ডল(৪২)। সে আমিনপুর থানার মিরপুরের জিলাল মন্ডলের পুত্র।
নিজাম এলাকার কুখ্যাত চরমপন্থি সন্ত্রাসী দলের দলনেতা ও দাগি ডাকাত। ঘটনাস্থল হতে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি পাওয়া যায়।
তার নামে পাবনা ও রাজবাড়ি জেলায় ৭টি খুন ও ০২টি অপহরণ মোট ৯ টি মামলা রয়েছে । নিজাম মন্ডল ২০১০ সালে ঢালারচরে তিন পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি।
