পাবনা প্রতিনিধিঃ
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে গেছে। কিন্তু বিশেষায়িত সেবা গুলো ঢাকাকেন্দ্রিক হওয়ায়, সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমান বাস্তবতায় বিশেষায়িত হাসপাতালগুলোর বিকেন্দ্রীকরণ না হলে কাঙ্খিত সেবা প্রদান কখনোই সম্ভব হবে না।
শনিবার দুপুরে পাবনার নুরপুরে সমাজকল্যাণ মন্ত্রনালয় ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট্রের যৌথ উদ্যোগে নির্মিত পাবনা কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নের যেকোন উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় পাশে থাকবে। ঢাকার বাইরে হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়ায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে অভিনন্দন জানান তিনি।
দেশে চলমান মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সঠিক ভাবে গ্রথিত হয়নি বলেই দূর্ভাগ্যজনকভাবে দেশের ৭০ লাখ জনগোষ্ঠী মাদকাসক্ত। সরকার জঙ্গিবাদের মত মাদক নিয়ন্ত্রণেও সর্বশক্তি প্রয়োগ করছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানান তিনি।
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম, অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান প্রমূখ।
অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান বলেন, দূর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে হৃদরোগের চিকিৎসাকে একশ্রেণীর ব্যবসায়ী ও চিকিৎসক ব্যবসায় পরিণত করেছে। হৃদরোগে আক্রান্ত রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সিসিইউ, আইসিইউতে রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে স্বর্বসান্ত করা হয়। মফস্বলের রোগীদের কাছে হৃদরোগের প্রকৃত সেবা স্বল্পমূল্যে পৌছে দিতেই আমাদের এ উদ্যোগ।
হাসপাতালের পরিচালক ডাঃ তাহসীন আজীজ জানান, স্বল্প খরচে পাবনায় হৃদরোগের বিশেষায়িত সেবা দিতে যাত্রা শুরু করা ২৫০ শয্যাবিশিষ্ট কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাসপাতালে ২৪ ঘন্টার জরুরী সেবার পাশাপাশি আরো থাকছে গাইনি, শিশু ও সার্জারী বিভাগ। প্রথম পর্যায়ে ১২ জন সার্বক্ষণিক চিকিৎসকের মাধ্যমে শুরু হচ্ছে হাসপাতালটির কার্যক্রম। এছাড়া, আর্সেনিক আক্রান্ত রোগীদেরও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে যাত্রা শুরু করা ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পাবনায় কার্যক্রম চালু করে ১৯৯০ সালে। প্রথম দিকে শহরের রাধানগর মহল্লায় ছোট পরিসরে সেবার কার্যক্রম চালু হলেও আধুনিক চিকিৎসা সেবা আর সকল পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ নিয়ে শুরু হল পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম। ক্রমান্নয়ে, হাসপাতালটিকে উত্তরবঙ্গের অন্যতম প্রধান একাডেমিক হাসপাতাল হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ।
