এস.এম. জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
কয়েকদিন ধরে চলা তীব্র গরমের কারণে হাতপাখার চাহিদা বেড়েছে কয়েকগুণ।
তীব্র গরমে যখন হাঁসফাস অবস্থা তখন হাতপাখার ব্যাবহার সেই সুপ্রাচীনকাল থেকে চলে আসছে। বিশেষ করে লোডশেডিং হলে সবার হাতেই হাতপাখা দেখা যায়। আর হাতপাাখা হিসেবে তালপাতায় তৈরি হাতপাখার ব্যাবহারই বেশি।
তবে বেড়া উপজেলায় তালপাখার পরিবর্তে বাড়িতে তৈরি হাতে কাজ করা নকশি পাখার চাহিদা বেড়েছে।
বেড়া সিএন্ডবি বাসষ্ট্যান্ডে গত কয়েকদিন ধরে হাতপাখা বিক্রি করছেন মনসুর আলী। মনসুর আলীর বাড়ি সিরাজগঞ্জ উপজেলা শাহজাদপুরে।
মনসুর আলী জানালেন, নকশা করা হাতপাখাগুলো তিনি ময়মনসিংহ থেকে আনেন। দুই ধরনের নকশা করা হাতপাখা বিক্রি করেন তিনি।
একটা ছাপ দেয়া হাতপাখা অন্যটি হাতে কাজ করা পাখা। কাপড়ের ওপর হাতে নকশা করা পাখার দাম প্রতিটি পঞ্চাশ টাকা। আর ছাপ দেয়া নকশা করা পাখার দাম বিশ টাকা। পাশাপাশি তালপাখাও বিক্রি হচ্ছে প্রচুর।
মনসুর আলী আরও জানালেন, গত কয়েকদিনে তিনি হাতপাখা বিক্রি করেছেন প্রায় তিনগুণ বেশি। বিশেষ করে নকশা করা পাখা বেশি বিক্রি হয়েছে।
পাখা কিনতে আসা একজন ক্রেতা বলেন, তালপাখা বাড়িতে আছে। তবে নকশা করা এই পাখা দেখতেও সুন্দর বাতাসও বেশ ঠান্ডা। তাই এই পাখাই কিনলাম।
